রবীন্দ্রনাথ বাঙালির আবেগের গুগল - Jamini Kishore Roy

Post Top Ad

রবীন্দ্রনাথ বাঙালির আবেগের গুগল

Share This

রবীন্দ্রনাথ বাঙালির গুগল! কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও বাস্তবতা হলো, বাঙালির মনের প্রতিটি অনুভূতির প্রকাশ খুঁজতে শেষ পর্যন্ত তাঁকেই স্মরণ করতে হয়।

jamini


বিদায় অনুষ্ঠান, নবীনবরণ, জন্মদিন, মৃত্যুবার্ষিকী, সংবর্ধনা কিংবা কোনো বিশেষ অর্জনের উদ্‌যাপন—সবখানেই রবীন্দ্রনাথ। পিতামাতার প্রতি শ্রদ্ধা, প্রিয়জনের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি স্নেহ, বিরহের বেদনা, বিচ্ছেদের হাহাকার কিংবা জীবনের কোনো বিশেষ মুহূর্তের আবেগ প্রকাশ করতে বাঙালি বারবার ফিরে যায় রবীন্দ্রসাহিত্যের অসীম সমুদ্রে। যেন বাঙালির প্রতিটি অনুভূতির জন্য রবীন্দ্রনাথের ভাণ্ডারে আগে থেকেই সাজানো আছে উপযুক্ত কোনো কবিতা, গান কিংবা পঙ্‌ক্তি।


এখানেই রবীন্দ্রনাথের অনন্যতা।


সবচেয়ে মজার বিষয় হলো, যাঁরা রবীন্দ্রনাথকে নিয়ে বিদ্বেষ ছড়ান, তাঁরাই অনেক সময় নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের বায়োতে রবীন্দ্রনাথের লেখা পঙ্‌ক্তি ব্যবহার করেন। হয়তো জানেনও না, যে কথাটি দিয়ে নিজের পরিচয় সাজিয়েছেন, সেটিও সেই রবীন্দ্রনাথেরই সৃষ্টি, যাঁকে তাঁরা অপছন্দ করেন।


সম্প্রতি এমনই এক ব্যক্তিকে দেখা গেল, যিনি রবীন্দ্রনাথকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন অভিযোগ করেছিলেন। তাঁর বক্তব্যে ছিল না ইতিহাসের যথাযথ জ্ঞান, ছিল না ভাষার শালীনতা কিংবা তথ্য যাচাইয়ের ন্যূনতম দায়িত্ববোধ। অথচ নিজের একটি অনুষ্ঠানের আবেগঘন পোস্টে তাঁকেই ব্যবহার করতে হলো রবীন্দ্রনাথের কালজয়ী গান— **'যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে'।**


কী অদ্ভুত বৈপরীত্য!


যাঁর সাহিত্য ও সৃষ্টিকে অপমান করার চেষ্টা, আবেগ প্রকাশের প্রয়োজনেই আবার তাঁর সৃষ্টির আশ্রয় নিতে হচ্ছে!


রবীন্দ্রনাথকে ঘিরে পতিতালয়-সম্পর্কিত যে অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়, সেটিও ইতিহাসের তথ্য যাচাই করে দেখা প্রয়োজন। সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের *Under the Raj: Prostitution in Colonial Bengal* বইয়ের প্রসঙ্গ টেনে যে দাবি প্রচার করা হয়, তার সঙ্গে রবীন্দ্রনাথের ব্যক্তিগত সম্পৃক্ততার প্রমাণ দেখানো যায়নি।


প্রচলিত সেই দাবির বর্ণনায় ১৮০৬ সালে কলকাতার বউবাজার স্ট্রিটে ৪৩টি কক্ষবিশিষ্ট একটি পতিতালয়ের উল্লেখ রয়েছে। অথচ রবীন্দ্রনাথের জন্ম ১৮৬১ সালে—অর্থাৎ ঘটনাটির ৫৫ বছর পরে। ১৮০৬ সালে তাঁর জন্মই হয়নি। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বয়সও তখন মাত্র ১২ বছর। সুতরাং কোনো ঐতিহাসিক ঘটনার উল্লেখ থাকলেই সেটিকে প্রমাণ ছাড়াই রবীন্দ্রনাথের ব্যক্তিগত বা পারিবারিক দায় হিসেবে প্রতিষ্ঠা করা যায় না। বিশেষ করে, একটি ঐতিহাসিক বর্ণনাকে বিকৃত করে ৪৩টি কক্ষকে ৪৩টি পতিতালয় হিসেবে প্রচার করা হলে সেটি নিছক ভুল তথ্য নয়, ইতিহাসের অপব্যাখ্যা।


কোনো ঐতিহাসিক অভিযোগের সত্যতা প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন মূল বইয়ের বক্তব্য, নির্ভরযোগ্য দলিল এবং তথ্যের যথাযথ প্রেক্ষাপট। ধর্মীয় বিদ্বেষ কিংবা ব্যক্তিগত অপছন্দ কখনো ইতিহাসের বিকল্প হতে পারে না।


আসলে রবীন্দ্রনাথের মহত্ত্ব এখানেই যে, তাঁকে ভালোবাসার জন্য সবার রবীন্দ্রভক্ত হওয়ার প্রয়োজন নেই। এমনকি তাঁকে অপছন্দ করেন যাঁরা, তাঁদেরও জীবনের কোনো না কোনো মুহূর্তে তাঁর সৃষ্টির প্রয়োজন পড়ে।


তাঁকে অস্বীকার করা যায়, তাঁর সমালোচনা করা যায়, তাঁর সাহিত্য নিয়ে বিতর্কও করা যায়। কিন্তু বাঙালির ভাষা, সংস্কৃতি, আবেগ ও সৃজনশীলতার এত গভীরে যিনি শিকড় বিস্তার করেছেন, তাঁকে মুছে ফেলা এত সহজ নয়।


রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন; তিনি বাঙালির অনুভূতির এক বিশাল অভিধান।


তাই হয়তো রবীন্দ্রনাথকে নিয়ে বিদ্বেষ প্রকাশের পরও আবেগের মুহূর্তে মানুষ তাঁর গানই খুঁজে নেয়। এটাই রবীন্দ্রনাথের জয়। এ জয় কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো মতাদর্শের বিরুদ্ধে নয়—এ জয় সৃষ্টির, সাহিত্যের এবং বাঙালির চিরন্তন সাংস্কৃতিক উত্তরাধিকারের।


রবীন্দ্রনাথকে অস্বীকার করার জন্যও তাঁর নাম উচ্চারণ করতে হয়, আর নিজের অনুভূতি প্রকাশ করার জন্যও তাঁর সৃষ্টির কাছে ফিরে আসতে হয়। এর চেয়ে বড় স্বীকৃতি আর কী হতে পারে!


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages